ওয়েবসাইটের শুভ উদ্বোধন
প্রিয় ঢাকা কলেজ এইচএসসি ’৯৬ ব্যাচের সুহৃদ ও বন্ধুরা, আসসালামু আলাইকুম।
আজকের দিনটি আমাদের সকলের ভালোবাসার সংগঠন, 'ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এইচএসসি-৯৬'-এর জন্য এক ঐতিহাসিক ও পরম আনন্দের মুহূর্ত। ২০২৫ সালের ৩১ মে তোমরাই আমাদের ওপর আস্থা রেখে, বিপুল ভোটে জয়ী করে সংগঠনের নেতৃত্বের দায়িত্ব সঁপে দিয়েছিলে। সেদিন আমাদের সবচেয়ে বড় অঙ্গীকারগুলোর একটি ছিল—আমাদের বন্ধনের এই সেতুটিকে ডিজিটাল দুনিয়ায় একটি স্থায়ী ঠিকানা দেওয়া; একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট গড়ে তোলা।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের শুভ যাত্রা শুরু হলো। খুব দ্রুতই এটি আমাদের স্মৃতি, তথ্য ও যোগাযোগের এক অনন্য পূর্ণাঙ্গ মেলবন্ধনে পরিণত হবে, ইনশাআল্লাহ। ওয়েবসাইট নির্মাণ, ডোমেইন, হোস্টিং ও সার্বিক উন্নয়নে দিনরাত পরিশ্রম করায় সংগঠনের যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান বুলবুল ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী তানিমুল বারীসহ সংশ্লিষ্ট সকল বন্ধুদের জানাই আমার অন্তরঢালা কৃতজ্ঞতা ও ভালোবাসা।
বন্ধুরা, দেখতে দেখতে জীবনের তিন-তিনটি দশক পার হতে চললো! সেই সোনালী স্মৃতির ৩০ বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রাণের সংগঠন আয়োজন করতে যাচ্ছে এক বহুপ্রতীক্ষিত মহোৎসব—গ্র্যান্ড রিইউনিয়ন ও ফ্যামিলি গেট টুগেদার। আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে বিকেএসপির মনোরম পরিবেশে বসবে আমাদের এই আনন্দের মহামিলন।
ঢাকা কলেজের সবুজ প্রাঙ্গণ আমাদের যে বন্ধনে বেঁধেছে, সময়ের দূরত্ব তাকে এতটুকু মলিন করতে পারেনি। আসো, হৃদয়ের টানে আমরা আবার এক হই, একে অপরের পাশে থাকি এবং আগামী দিনগুলোতে আমাদের এই বন্ধনকে আরও সুদৃঢ় করি।
সকল বন্ধু ও তাদের পরিবারের প্রতি রইল অশেষ শুভকামনা ও হৃদয়ের গভীর থেকে ভালোবাসা।
ধন্যবাদান্তে,
ডা. আশরাফুল হাসান মানিক
সভাপতি
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এইচএসসি-৯৬